মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে ইরানের দেওয়া শান্তিপ্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। এর পরই ওয়াশিংটনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দেশটিকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়েছে তেহরান। একই সঙ্গে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়া হলে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক দফা আলোচনা হলেও হামলা ও নিষেধাজ্ঞার কারণে তাদের ওপর আর আস্থা নেই।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ‘আমাদের শর্তগুলো স্পষ্ট ও অপরিবর্তিত। একমাত্র আলোচনার মাধ্যমেই এই অচলাবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব।’
এর আগে জাতিসংঘে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে শান্তির প্রস্তাব পাঠিয়েছে তেহরান। চুক্তি হলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা প্রত্যাখ্যান করেন।

