যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে ভোট দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নাসার নভোচারী অনিল মেননসহ তিন মার্কিন নভোচারী। পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে মহাকাশে অবস্থান করেও নিরাপদ ইলেকট্রনিক ব্যালটের মাধ্যমে তাঁরা ভোটাধিকার প্রয়োগ করেছেন।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে মহাকাশ থেকে ভোট দেওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন অনিল মেনন। তিনি জানান, মহাকাশ স্টেশনে অবস্থানরত তিন মার্কিন ক্রু সদস্য ইলেকট্রনিক ব্যালট পূরণ করে নাসার সুরক্ষিত যোগাযোগব্যবস্থার মাধ্যমে তা সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।
নাসার বিশেষ ব্যবস্থায় মহাকাশে অবস্থানরত নভোচারীদের কাছে ইলেকট্রনিক ব্যালট পাঠানো হয়। তাঁরা মহাকাশ স্টেশনের ল্যাপটপে ভোট দেওয়ার পর নিরাপদ যোগাযোগব্যবস্থার মাধ্যমে তা পৃথিবীতে পাঠান। পরে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা ওই ব্যালট গ্রহণ করেন।
মহাকাশ থেকে ভোট দেওয়ার ব্যবস্থা চালু হয় ১৯৯৭ সালে। ওই বছর টেক্সাসের আইনসভা মহাকাশে অবস্থানরত নভোচারীদের ভোট দেওয়ার সুযোগ দিতে একটি আইন পাস করে। একই বছর নাসার নভোচারী ডেভিড উলফ রাশিয়ার মির মহাকাশ স্টেশন থেকে প্রথমবারের মতো ভোট দেন।
দীর্ঘ সময় মহাকাশে অবস্থান করলেও নভোচারীরা যাতে তাঁদের নাগরিক অধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই এ বিশেষ ব্যবস্থা চালু করা হয়।

