বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বিশেষ করে চিকিৎসাপ্রত্যাশীদের ভিসা পেতে জটিলতা কমানো এবং অনলাইনে আবেদন করার পর অ্যাপয়েন্টমেন্ট স্লট পেতে বিলম্বের বিষয়টি সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের সম্মেলনকক্ষে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব)-এর প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।
ইমক্যাব সভাপতি শাহীন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলটি ভিসা প্রাপ্তির জটিলতা ও দীর্ঘসূত্রতার বিষয়গুলো তুলে ধরে। জবাবে হাইকমিশনার বলেন, সমস্যাগুলো খতিয়ে দেখছে হাইকমিশন এবং শিগগিরই সমাধান হবে বলে তিনি আশাবাদী।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যাতায়াত বাড়লে দুই দেশের বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
সাক্ষাতে ইমক্যাবের সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহসহ সংগঠনের নির্বাহী কমিটির সদস্যরা এবং ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভি কে উপস্থিত ছিলেন।
Keep Reading
Add A Comment

