- ডিজিটাল পদ্ধতিতে বিবাহ ও তালাক নিবন্ধন চালু হলে বাল্যবিবাহ, বহুবিবাহ, জাল বিবাহ সনদ ও বিভিন্ন ধরনের জালিয়াতি রোধ করা সহজ হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার সচিবালয়ে ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিক্স: বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় আইন ও বিচার বিভাগ এবং ব্র্যাকের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ডিজিটাল ব্যবস্থায় জনগণ দ্রুত বিবাহ ও তালাকের তথ্য যাচাই এবং ডিজিটাল সনদ পাওয়ার সুযোগ পাবেন। এ উদ্যোগে ব্র্যাকের অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ জ্ঞান কাজে লাগানো হবে।
প্রাথমিকভাবে দেশের ১০ জেলার ১০ উপজেলার ১০২টি ইউনিয়নে অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধন চালু করা হবে। এসব এলাকার মধ্যে রয়েছে গাজীপুরের কালীগঞ্জ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, শেরপুরের ঝিনাইগাতী, কুড়িগ্রাম সদর, গাইবান্ধার সুন্দরগঞ্জ, নড়াইল সদর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, সিলেট সদর, কক্সবাজারের চকরিয়া ও কিশোরগঞ্জ সদর।
প্রকল্পের আওতায় জাতীয় পরিচয়পত্র (NID) এবং জন্ম-মৃত্যু নিবন্ধন ডাটাবেজের সঙ্গে সংযোগের মাধ্যমে বয়স ও পরিচয় যাচাই করা হবে। এতে গোপন বিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি শনাক্ত করাও সহজ হবে। পাশাপাশি বিবাহ ও তালাকের তথ্য রিয়েল-টাইমে সংরক্ষণ এবং দ্রুত ডিজিটাল সনদ দেওয়ার ব্যবস্থা থাকবে।
প্রকল্পের সফটওয়্যার উন্নয়ন কাজ প্রায় ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে। পাইলট প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ১১ কোটি টাকা। চুক্তির মেয়াদ ৩০ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক মো. আজিজুল হক ও ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির পরিচালক শ্বাশ্বতী বিপ্লব।
Keep Reading
Add A Comment

