পুরনো বিপর্যয়ের ক্ষত কাটতে না কাটতেই আবারও দুর্যোগের মুখে নেপাল। দেশটির মানাং জেলার তিব্বত সীমান্তের কাছে ৭ হাজার ১২৬ মিটার উচ্চতার হিমলুং হিমালের বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে পর্বতারোহী ও অভিযানের সহায়ক কর্মীরা রয়েছেন।
এক্সপিডিশন অপারেটরস অ্যাসোসিয়েশন নেপালের সাধারণ সম্পাদক ঋষি ভাণ্ডারি জানান, নিখোঁজদের মধ্যে দুজন ইমাজিন নেপাল প্রাইভেট লিমিটেডের সঙ্গে যুক্ত। আরও আটজন হিমালয়ান হলিডেজ নেপালের সদস্য।
গত কয়েক দিন ধরে ওই এলাকায় প্রবল তুষারপাত হচ্ছিল। খারাপ আবহাওয়ার সতর্কবার্তা পাওয়ার পর অধিকাংশ অভিযাত্রী ও কর্মী পাহাড়ের ঢাল থেকে নেমে এসেছিলেন। নেপালের পর্যটন দপ্তর জানিয়েছে, নিখোঁজদের সন্ধান ও উদ্ধারের চেষ্টা চলছে।
প্রতিকূল আবহাওয়ার কারণে দেশটির পার্বত্য এলাকায় ভারী তুষারপাত এবং বিভিন্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে ট্রেকার ও পর্বতারোহীদের অভিযান স্থগিত রাখার পরামর্শ দিয়েছে পর্যটন দপ্তর। দুর্গম এলাকায় হেলিকপ্টার পরিচালনায় অতিরিক্ত অনুমতির প্রয়োজন হওয়ায় উদ্ধার অভিযানও কঠিন হয়ে পড়েছে।
Keep Reading
Add A Comment

