বিশ্বের প্রচলিত মানচিত্রের নকশায় বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে রাষ্ট্রপুঞ্জ। আফ্রিকা মহাদেশের প্রকৃত আয়তন তুলে ধরতে ‘মারকেটর’ মানচিত্রের পরিবর্তে ‘ইকুয়াল আর্থ’ মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব বিপুল ভোটে অনুমোদন করেছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদ।
বর্তমানের বহুল ব্যবহৃত ষোড়শ শতাব্দীর ‘মারকেটর’ মানচিত্রে মেরু অঞ্চলের কাছাকাছি ভূখণ্ড বাস্তবের তুলনায় অনেক বড় দেখানো হয়। ফলে গ্রিনল্যান্ডকে প্রায় আফ্রিকার সমান মনে হলেও বাস্তবে আফ্রিকা গ্রিনল্যান্ডের প্রায় ১৪ গুণ বড়।
নতুন ‘ইকুয়াল আর্থ’ মানচিত্রে বিভিন্ন মহাদেশের আয়তন তুলনামূলকভাবে বেশি সঠিকভাবে তুলে ধরা হয়। এতে আফ্রিকার প্রকৃত বিশালতা স্পষ্ট হবে, অন্যদিকে ইউরোপ ও উত্তর আমেরিকার আয়তন তুলনামূলকভাবে ছোট দেখাবে।
টোগোর নেতৃত্বে উত্থাপিত এ প্রস্তাবে ফ্রান্সসহ বিভিন্ন দেশ সমর্থন দেয়। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে প্রস্তাবটির পক্ষে ভোট পড়ে ১৬৪টি, বিপক্ষে মাত্র একটি। ছয়টি দেশ ভোটদানে বিরত থাকে। একমাত্র যুক্তরাষ্ট্র প্রস্তাবটির বিরোধিতা করে।
তবে রাষ্ট্রপুঞ্জের এ প্রস্তাব বাধ্যতামূলক নয়। টোগোর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সমুদ্র ও আকাশপথে নেভিগেশনের কাজে মারকেটর মানচিত্র ব্যবহার অব্যাহত রাখা যাবে।
Keep Reading
Add A Comment

