ডিসেম্বরের মধ্যে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করা হবে। নির্ধারিত মজুরি অনুযায়ী, আগামী জানুয়ারি মাসের বেতনের সঙ্গে বর্ধিত পারিশ্রমিক পাবেন শ্রমিকেরা। বুধবার (৪ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকশিল্পের জন্য পৃথক মজুরি বোর্ড গঠন করা হয়।
শ্রম আইন অনুযায়ী, সংশ্লিষ্ট শিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা বোর্ডে দায়িত্ব পালন করেন। আইনের ১৩৯ ধারা অনুযায়ী, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ অথবা উভয় পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার কোনো শিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি নির্ধারণের উদ্যোগ নিতে পারে।

