দেশকে অস্থিতিশীল করে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অনেক ত্যাগ-তিতিক্ষা ও সংগ্রামের বিনিময়ে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার যে সুযোগ সৃষ্টি হয়েছে, একটি গোষ্ঠী তা নস্যাৎ করতে এবং দেশকে আবারও অন্ধকার যুগে ফিরিয়ে নিতে সুপরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বাসাবো বৌদ্ধ মহাবিহারে ‘দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মানুষ সবসময় সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের অধিকার আদায় করেছে। ভবিষ্যতেও সব ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে সক্ষম হবে এ দেশের মানুষ। সংবিধানপ্রদত্ত অধিকার রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় বলতেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই; সবাই বাংলাদেশি নাগরিক। তাদের অধিকার রক্ষায় আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ঐক্যের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর এই প্রচেষ্টাকে আরও বেগবান করতে হবে।
বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের অনন্য নিদর্শন উল্লেখ করে তিনি বলেন, এ দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানরা পাশাপাশি বসবাস করেন এবং সাম্প্রদায়িকতাকে ঘৃণা করেন। কঠিন চীবর দানের মতো ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের যে দৃষ্টান্ত স্থাপিত হয়, তা ধর্ম-বর্ণনির্বিশেষে সমাজের সবাইকে অনুপ্রাণিত করে।
বৌদ্ধ সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্যের প্রসঙ্গ তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে চীন থেকে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের পবিত্র দেহভস্ম ও হস্তলিপি বাংলাদেশে ফিরিয়ে এনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছিলেন। এসব নিদর্শন ধর্মরাজিক বৌদ্ধবিহারে সংরক্ষিত রয়েছে।
অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে প্রবারণা পূর্ণিমায় ছুটি, বৌদ্ধ ধর্মীয় শিক্ষক নিয়োগ ও তীর্থভ্রমণসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এসব দাবির বিষয়ে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উন্নয়ন ও অধিকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর। বৌদ্ধবিহার সংস্কারে আর্থিক অনুদান, ভিক্ষুদের সম্মানী ভাতা এবং শিশুদের প্রাক-প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষা প্রদানসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
ধর্মীয় সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিষয়গুলো দেখভালের জন্য প্রধানমন্ত্রী তাঁর বিশেষ সহকারী হিসেবে বিজনকান্তি সরকারকে নিয়োগ দিয়েছেন উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এটি রাজনীতিতে একটি বিরল দৃষ্টান্ত।
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখতে হবে: রাষ্ট্রপতি
পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে
Keep Reading
Add A Comment

