আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত শতাধিক গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে এ সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে তিনি এ তথ্য জানান। এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৪ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ওই দিন থেকেই রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে।
প্রসিকিউশন সূত্র জানায়, ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশনের পাশাপাশি প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকেও যুক্তিতর্কের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।
এ মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান। নিরাপত্তাজনিত কারণে তিনি সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি হাজিরা দেন। গত ২২ নভেম্বর তার পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। এ সময় তিনি মামলাসংক্রান্ত কিছু কাগজপত্র ও ভিডিও উপস্থাপন করেন। পরে তার জবানবন্দি গ্রহণ শেষে জেরা করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সাফাই সাক্ষ্যগ্রহণ শেষ হলে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
এর আগে গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।
জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রসিকিউশন সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়।
দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
তৃতীয় অভিযোগেও একই সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের নামে মাসুদসহ ৫০ জনকে হত্যার অভিযোগ করেছে প্রসিকিউশন।
এসব হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। এর আগে ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একই দিন প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে।
বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক
দেখা যাবে প্রসিকিউশনের ফেসবুক পেজেও
Keep Reading
Add A Comment

