চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে বিশ্ববিদ্যালয়গুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন ব্যারিস্টার বেলায়েত হোসেন ও অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা।
এর আগে, গত ১৭ নভেম্বর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের বেঞ্চ এ আদেশ দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
একইসঙ্গে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশিকা অনুযায়ী ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা জানিয়েছিলেন, প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। আগামী ২৩ ডিসেম্বর এসব আবেদনের ফল প্রকাশের কথা রয়েছে। অথচ এর আগেই ৫ ডিসেম্বর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শিক্ষার্থীদের এই বিষয়টি বিবেচনায় নিয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ দিয়েছিলেন হাইকোর্ট।
এদিকে, সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর আয়োজনের সিদ্ধান্তের কথা জানিয়েছিল ইউজিসি। একইসঙ্গে ১ জানুয়ারির পর ভর্তি কার্যক্রমের আবেদন শুরু করার বিষয়েও আলোচনা হয়। তবে ইউজিসির ওই বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ্যালয় আগের সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত জানায়।
সেই সূচি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়ার কথা রয়েছে।
হাইকোর্টের আদেশ স্থগিত, নির্ধারিত সময়েই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
ভর্তি পরীক্ষায় আর বাধা নেই
Keep Reading
Add A Comment

