বিদেশে অবস্থান করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবি, ভিডিও ও মিথ্যা তথ্য তৈরি করে দেশে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, একটি চক্র দেশে আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তবে জনগণের সম্মিলিত শক্তির কাছে তাদের ষড়যন্ত্র সফল হবে না।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘চির ভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রকৃতি-প্রত্যয় প্রকাশনা আয়োজিত অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
রিজভী বলেন, ইউরোপ, আমেরিকা, ভারত ও ব্যাংককসহ বিভিন্ন স্থানে অবস্থানকারীরা এআই প্রযুক্তি ব্যবহার করে নানা ধরনের অসত্য প্রচারণা চালাচ্ছেন। অতীতের মতো ইতিহাস ও তথ্য বিকৃত করে একটি একমাত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ষড়যন্ত্র এখনো চলছে বলে অভিযোগ করেন তিনি।

