বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, জামায়াত ব্যক্তি বা দলের ঐক্য নয়, জনগণের ঐক্য চায়। জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে হলে গণভোটে ৭০ শতাংশ মানুষের দেওয়া রায় কার্যকর করতে হবে। তা না হলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না।
তিনি বলেন, সংবিধান সংস্কার না হলে আওয়ামী লীগ দলীয়ভাবে ক্ষমতায় না এলেও নাম পরিবর্তন করে আওয়ামী চরিত্রের অন্য কোনো দল ক্ষমতায় আসবে। তারা আবার ফ্যাসিবাদী হওয়ার সুযোগ পাবে। জামায়াত তা হতে দিতে পারে না। এ পথ বন্ধ করতেই জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নেমেছে দলটি।
রবিবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জরুরি জেলা ও মহানগরী আমীর সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া সম্মেলন শেষ হয় দুপুর ১টায়।
সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের পরিচালনায় সম্মেলনে বক্তব্য দেন নায়েবে আমীর ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, সাইফুল আলম খান মিলন এমপি, এডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি ও মোহাম্মদ সেলিম উদ্দিন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, দেশ ও জাতির স্বার্থে জামায়াত সব সময় জনগণের পাশে ছিল। বর্তমান পরিস্থিতিতে পলাতক ফ্যাসিস্টরা জ্বালাও-পোড়াও শুরু করেছে। এর দায় সরকারের। দেশ, সীমান্ত এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু সরকার তা করতে পারছে না। বরং কোথাও কোথাও উসকানি দিচ্ছে। কার স্বার্থে এবং কাদের খুশি করতে এ উসকানি দেওয়া হচ্ছে, তা জাতি জানতে চায়।
তিনি বলেন, আওয়ামী লীগ শক্তের ভক্ত, নরমের যম। জনগণ ঐক্যবদ্ধ হয়ে শক্তভাবে দাঁড়ালে আওয়ামী লীগ পালানোর জায়গা পাবে না। অনেকে পালিয়ে গেছে, বাকিরাও পালানোর সুযোগ পাবে না। সরকারকে সন্ত্রাসীদের কঠোরভাবে দমন করতে হবে। জনগণের ক্ষতি যাতে না হয়, সেজন্য দায়িত্বশীল দল হিসেবে জামায়াত মাঠে থাকবে। একই সঙ্গে জনগণের দাবি সরকারকে মেনে নিতে হবে।
জামায়াতের এই নেতা বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জনগণ দুটি ভোট দিয়েছে। একটি সরকার গঠনের জন্য, অন্যটি সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোটে। নির্বাচিত হয়ে জাতীয় সংসদে গিয়ে তাঁরা দুটি শপথ নিয়েছেন। একটি সংসদ সদস্য হিসেবে, অন্যটি সংবিধান সংস্কারের জন্য গণপরিষদের সদস্য হিসেবে। কিন্তু বিএনপি একটি শপথ নিলেও গণপরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। এর মাধ্যমে তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
তিনি আরও বলেন, এখনো সুযোগ রয়েছে। বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়ে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি। জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন এবং চব্বিশের চেতনা হবে ঐক্যের ভিত্তি। এর বাইরে গিয়ে জামায়াত জনগণের সঙ্গে প্রতারণা করতে পারবে না। জনগণের কাছে দেওয়া ওয়াদা তারা ভঙ্গ করবে না।
সরকারের উদ্দেশে এটিএম আজহারুল ইসলাম বলেন, সরকার দেশ ও জাতির নিরাপত্তা বিঘ্নিত করলে জনগণ তা মেনে নেবে না। জামায়াত জনগণের পাশে দাঁড়াবে। দেশের ঐক্য প্রতিষ্ঠায় অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। যেকোনো ধরনের আঘাত প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সাহসিকতার সঙ্গে তা মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
ব্যক্তি ও দলের নয়, জনগণের ঐক্য চায় জামায়াত
গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া দেশে শান্তি আসবে না
Keep Reading
Add A Comment

