ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় শতবর্ষী গুরুদ্বার খালসা দিওয়ানের পুনর্নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার তিন দিনের ফিলিপাইন সফরের অংশ হিসেবে ঐতিহাসিক এই গুরুদ্বার পরিদর্শন করেন তিনি।
এ সময় ফিলিপাইনের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন দেশটির সিনেটর ফ্রান্সিস জোসেফ এসকুদেরো এবং ম্যানিলার মেয়র ফ্রান্সিসকো ইস্কো মোরেনো।
গুরুদ্বার পরিদর্শন শেষে মোদি বলেন, একশ বছরেরও বেশি পুরনো এই পবিত্র স্থানে আসতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। গুরু সাহিবদের শিক্ষা অনুসরণ করে শিখ সম্প্রদায় বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষের সেবা এবং সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন তিনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খালসা দিওয়ান গুরুদ্বার এক শতাব্দীরও বেশি সময় ধরে ভারত ও ফিলিপাইনের সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের মধ্যে সম্পর্কের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে টিকে রয়েছে।
এটি শুধু শিখ সম্প্রদায়ের উপাসনালয় নয়, বরং ম্যানিলার বিভিন্ন সম্প্রদায়ের সাংস্কৃতিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডেরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
উল্লেখ্য, ১৯০১ সালে গুরুদ্বারটি প্রতিষ্ঠিত হয়। ১৯০৩ সালে এটি আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক রূপ পায় এবং ১৯২৪ সালে ‘খালসা দিওয়ান’ নামে পরিচিতি লাভ করে। এটি ফিলিপাইনের প্রাচীনতম গুরুদ্বার হিসেবে স্বীকৃত।
এদিকে, ম্যানিলায় আয়োজিত কোয়াড গোষ্ঠীর বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে মোদির। এ ছাড়া ২৩তম আসিয়ান-ভারত সম্মেলন ও ২১তম পূর্ব এশিয়া সম্মেলনেও অংশ নেবেন তিনি। সফরে দক্ষিণ-পূর্ব ও পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা গুরুত্ব পাবে।

