স্লিপার বাস চলাচলের জন্য নীতিমালা প্রণয়ন না করার নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এ বিষয়ে নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ।
এর আগে গত ৯ সেপ্টেম্বর স্লিপার বাস চলাচল নিয়ে এক আদেশে হাইকোর্ট জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদনপ্রাপ্ত বাসগুলোই কেবল সড়কে চলাচল করতে পারবে। বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন।
ওই সময় আদালতে বিআরটিএর পক্ষে ছিলেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। তিনি আদালতকে জানান, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন সড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে আবেদন করেছিল।

