প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, সময়মতো রোগ শনাক্তকরণ এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শনিবার (১৪ নভেম্বর) দিবসটি পালিত হবে।
প্রধানমন্ত্রী বলেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমানো সম্ভব। আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। আর যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ ও শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেষ্ট থাকা উচিত।এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।
তারেক রহমান বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে, যা উদ্বেগজনক। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হৃদযন্ত্র, কিডনি ও চোখসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গের মারাত্মক ক্ষতি করতে পারে। এমনকি এ রোগের জটিলতায় জীবনহানিও ঘটতে পারে। তবে সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম ও সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
তিনি বলেন, সরকার এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে প্রতিটি মানুষ মানসম্মত চিকিৎসাসেবা পাবে এবং সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ পাবে। এ লক্ষ্য অর্জনে সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
প্রধানমন্ত্রী আরও বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠীই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। সুস্বাস্থ্য শুধু ব্যক্তির জীবনমান উন্নত করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক অগ্রযাত্রাকেও গতিশীল করে।
বাণীতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে। বাংলাদেশের উদ্যোগ ও প্রচেষ্টায় দিবসটি জাতিসংঘের স্বীকৃতি লাভ করে। গত দুই দশক ধরে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে, যা বাংলাদেশের জন্য গৌরবের বিষয়।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসাসেবার সম্প্রসারণ, গবেষণা ও জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের মানুষের দোরগোড়ায় ডায়াবেটিসের চিকিৎসা ও প্রতিরোধসেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটির নিরলস প্রচেষ্টা প্রশংসনীয়।
তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তাদের সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত করবে। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং দিবসটি উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।

