মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই তাঁর সাজা কার্যকর করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, দণ্ডিত হওয়ায় আইন অনুযায়ী শেখ হাসিনার নতুন করে পাসপোর্ট পাওয়ারও কোনো সুযোগ নেই।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, সাজার বিরুদ্ধে আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া নেওয়া হবে।
পাসপোর্ট ইস্যু প্রসঙ্গে মো. আমিনুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ৬ ও ৭ অনুচ্ছেদ এ ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক। ৬ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি দণ্ডিত হওয়ার পর নির্দিষ্ট শর্ত পূরণ হলে তাঁকে পাসপোর্ট ইস্যু করা যাবে না।
বিশেষ করে, পাসপোর্ট আবেদনের আগের পাঁচ বছরের মধ্যে কোনো ব্যক্তি কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে পাসপোর্ট কর্তৃপক্ষ তাঁকে পাসপোর্ট দিতে পারে না।’
তিনি আরও বলেন, ৭ অনুচ্ছেদ অনুযায়ী, নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ বা বাতিল করা যেতে পারে।
চিফ প্রসিকিউটর বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হয়েছেন। এটি নৈতিক স্খলনজনিত অপরাধ হিসেবে বিবেচিত। এ কারণে বাংলাদেশ সরকার তাঁর পাসপোর্ট বাতিল করেছে।
পাসপোর্ট অর্ডারের ৬ অনুচ্ছেদের বিভিন্ন উপধারা একসঙ্গে বিবেচনা করলে দেখা যায়, দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার পাসপোর্ট কর্তৃপক্ষের নেই।’

