‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে’—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষীর জেরা চলাকালে প্রসিকিউশনের এক সদস্যের এমন মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মন্তব্যটিকে ‘হুমকি’ হিসেবে উল্লেখ করে আপত্তি জানান আসামিপক্ষের আইনজীবী। এ নিয়ে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে হস্তক্ষেপ করেন ট্রাইব্যুনাল। পরে উভয়পক্ষকে শান্ত ও সতর্ক থাকার নির্দেশ দেন বিচারক।
রবিবার (৮ নভেম্বর) ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে এ ঘটনা ঘটে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৩ নম্বর সাক্ষীকে জেরার সময় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
আসামিপক্ষে সাক্ষীকে জেরা করছিলেন আইনজীবী পলাশ চন্দ্র রায়। এ সময় জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরীসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, গাজী এমএইচ তামিম ও সহিদুল ইসলাম সরদারসহ অন্যরা।
জেরার একপর্যায়ে ২০২৪ সালের হাইকোর্টের একটি রায় সম্পর্কে সাক্ষীর কাছে জানতে চান আইনজীবী পলাশ চন্দ্র রায়। জবাবে সাক্ষী বলেন, ওই রায়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে ২০২৪ সালের ৯ জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছিল কি না, তা তার জানা নেই। একই দিন রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে একটি আবেদন করা হলেও সেটি তৎকালীন শেখ হাসিনা সরকারের ‘মনভোলানো কৌশল’ ছিল বলে মন্তব্য করেন তিনি। পরে ওই মামলার শুনানির তারিখ জানতে চাইলে তা মনে নেই বলে জানান সাক্ষী।
এরপর আরও কিছু প্রশ্ন করা হলে প্রসিকিউশনের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। এ সময় আসামিপক্ষের সারিতে বসা জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বলেন, প্রসিকিউশনই জেরা করুক, তারা বসে যাবেন। ট্রাইব্যুনাল তাকে ডায়াসে এসে কথা বলতে বললে তিনি অভিযোগ করেন, প্রসিকিউশনের কেউ দাঁড়িয়ে গেলে সাক্ষীর মনোযোগ অন্যদিকে সরে যায়। এতে সাক্ষী সতর্ক হয়ে পড়েন এবং সত্য বের করা কঠিন হয়ে পড়ে। এ সময় ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে সংশ্লিষ্ট আইন পড়ে শোনান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
পুনরায় জেরা শুরু হলে সাক্ষীকে প্রসিকিউশনের দিকে মুখ ফিরিয়ে জবাব দিতে বলেন আসামিপক্ষের আইনজীবীরা। জবাবে সাক্ষী ‘ঠিক আছে, তাহলে আমি সরে যাই’ বলে নিজের চেয়ার ঘুরিয়ে নেন। এ সময় প্রসিকিউশনের এক সদস্য বলে ওঠেন, ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে’।
তাৎক্ষণিক আপত্তি জানিয়ে আইনজীবী পলাশ চন্দ্র রায় বলেন, তাহলে তার জেরা করা ঠিক হবে না; এটি এক ধরনের হুমকি। এ নিয়ে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে ট্রাইব্যুনাল হস্তক্ষেপ করেন। উভয়পক্ষকে শান্ত ও সতর্ক থাকার নির্দেশ দেন বিচারক।
পরিস্থিতি শান্ত হলে আবার জেরা শুরু করেন আইনজীবী পলাশ। ৯ জুলাই কোনো সহিংসতা হয়েছিল কি না, জানতে চাইলে সাক্ষী বলেন, ওই দিন সরকারের পক্ষ থেকে কোনো সহিংসতা হয়নি। তবে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হুমকি-ধমকি দিয়েছিলেন।
মামলার অভিযোগ
গত ১২ জানুয়ারি সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। এর আগে ২০২৫ সালের ৪ ডিসেম্বর তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো আমলে নেওয়া হয়।
প্রসিকিউশনের প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন দমনে মূল নীতিগত সিদ্ধান্ত নিতেন সালমান এফ রহমান ও আনিসুল হক। এর ধারাবাহিকতায় ১৯ জুলাইয়ের এক ফোনালাপে আনিসুল হক আন্দোলনকারীদের ওই রাতেই কারফিউ জারি করে শেষ করে দেওয়ার কথা বলেন। তাদের প্ররোচনা ও ষড়যন্ত্রে বহু ছাত্র-জনতা প্রাণ হারালেও নির্যাতন বন্ধে তারা কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়।
দ্বিতীয় অভিযোগে বলা হয়, তাদের প্রত্যক্ষ জ্ঞাতসারে ও উসকানিতে ২৩ জুলাই রাজধানীর মিরপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডাররা হত্যাযজ্ঞ চালায়।
তৃতীয় অভিযোগে ২৮ জুলাই মিরপুর-১০ নম্বরে মারণাস্ত্র ব্যবহারে প্ররোচনা ও ষড়যন্ত্রের মাধ্যমে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
চতুর্থ অভিযোগে বলা হয়, কারফিউ জারি ও মারণাস্ত্র ব্যবহারে উসকানির পরিপ্রেক্ষিতে ৪ আগস্ট মিরপুর-১ এলাকায় আকাশ, সেতু ও আলভীসহ ১২ জনকে হত্যা করা হয়। এতে আওয়ামী লীগের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
পঞ্চম অভিযোগে বলা হয়, ৫ আগস্ট ছাত্র-জনতার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ব্যর্থ করতে পরিকল্পনা করেন সালমান এফ রহমান ও আনিসুল হক। তাদের নির্দেশে প্রশাসন ও ক্ষমতাসীন দলের হামলায় মিরপুর-২, ১০ ও ১৩ নম্বর এলাকায় আল-আমিন, আশরাফুল, সাব্বির ও রিতাসহ ১৬ জন নিহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

