উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা এবং জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সম্মিলিত প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক পরিচালিত হতে হবে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, জাতীয় মর্যাদা ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
সোমবার বঙ্গভবনে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৬-এর অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, জলবায়ু পরিবর্তন, সাইবার হুমকি, সন্ত্রাসবাদ, আন্তঃদেশীয় অপরাধ, অর্থনৈতিক অনিশ্চয়তা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তন জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। জাতীয় নিরাপত্তা শুধু সামরিক প্রস্তুতির বিষয় নয়; এর সঙ্গে অর্থনৈতিক স্থিতিশীলতা, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা এবং প্রযুক্তিগত সক্ষমতাও জড়িত।
তিনি বলেন, বঙ্গোপসাগর ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের কৌশলগত অবস্থানের কারণে দূরদর্শী নেতৃত্ব ও সতর্কতা অত্যন্ত জরুরি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পেশাদারিত্ব, সঠিক বিচার-বিশ্লেষণ এবং আন্তপ্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়াতে হবে।
রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধের শহীদ, ২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামে আত্মোৎসর্গকারীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ন্যায়বিচার, জবাবদিহি ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
কোর্সে অংশগ্রহণকারীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। বজায় রাখতে হবে সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব। আন্তর্জাতিক ক্ষেত্রে সংঘাতের পরিবর্তে সহযোগিতা এবং মতবিরোধের পরিবর্তে সংলাপের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান।
উল্লেখ্য, ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬-এ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ৫৪ জন, বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৮ জন এবং ১৭টি বন্ধুপ্রতিম দেশের ৩১ জনসহ মোট ১০৩ জন অংশগ্রহণ করছেন।

