ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়েছে।
পৃথক দুটি ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। রোববার (১ নভেম্বর) রাজ্য পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, শনিবার নোনি জেলায় অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিদের মধ্যে গোলাগুলিতে কুকি সম্প্রদায়ের তিনজন নিহত হন। এ ছাড়া চলতি সপ্তাহের শুরুতে নিখোঁজ হওয়া একই সম্প্রদায়ের আরও দুই ব্যক্তির মরদেহ রোববার সকালে ক্যাংপোকপি জেলা থেকে উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযানে তাদের মরদেহ পাওয়া যায়।
কুকি জনগোষ্ঠীর মানবাধিকার নিয়ে কাজ করা মণিপুরের একটি শীর্ষ সংগঠন এসব হত্যাকাণ্ডের জন্য নাগা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দায়ী করেছে। সংগঠনটির অভিযোগ, নিজেদের আদি ভূমিতে কুকিদের লক্ষ্য করে বিনা উসকানিতে হামলা চালানো হয়েছে।
এদিকে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে কুকি সশস্ত্র গোষ্ঠীগুলোর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি বাতিলের দাবিতে রাজ্যের রাজধানী ইম্ফলসহ বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করছেন। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নতুন করে প্রাণহানির ঘটনা ঘটল।
মণিপুরের কুকি ও নাগা জনগোষ্ঠীর মধ্যে নিজ নিজ জাতিগত ভূখণ্ডের দাবি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। উভয় সম্প্রদায়ই রাজ্যের উপজাতীয় জনগোষ্ঠী। কুকি সম্প্রদায়ের অধিকাংশ সদস্য খ্রিষ্টান ধর্মাবলম্বী।
চলতি বছরের ফেব্রুয়ারিতে কুকি সম্প্রদায়ের কয়েকজন সদস্যের হাতে এক নাগা ব্যক্তি লাঞ্ছিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায়। এর ধারাবাহিকতায় গত মে মাসে নাগা সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে তিন কুকি যাজক নিহত হন। এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অপহরণ ও হত্যার ঘটনা ঘটে।
কুকি ও নাগা সম্প্রদায়ের সাম্প্রতিক সংঘাত রাজ্যের আগে থেকেই বিরাজমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। সরকারি সুযোগ-সুবিধা ও চাকরির কোটা নিয়ে ২০২৩ সালের মে মাস থেকে হিন্দু ধর্মাবলম্বী মেইতেই সম্প্রদায়ের সঙ্গে কুকিদের রক্তক্ষয়ী জাতিগত সংঘাতও চলছে।
দীর্ঘদিনের এসব সংঘাতে এ পর্যন্ত ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত ৬০ হাজারেরও বেশি মানুষ এখনো বিভিন্ন অস্থায়ী আশ্রয়শিবিরে বসবাস করছেন।

