তৈরি পোশাক কারখানার উৎপাদন অব্যাহত রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পোশাক খাতকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রবিবার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মন্ত্রী ও উপদেষ্টাদের জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, ডিসেম্বরকে সামনে রেখে পোশাক খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে সরকার তা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। কারখানার উৎপাদন স্বাভাবিক রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এর আগে শ্রমিক অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণে রবিবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এতে শ্রমিক অসন্তোষের বর্তমান পরিস্থিতি, এর কারণ এবং উদ্ভূত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
এদিকে তৈরি পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। রবিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ গেজেট প্রকাশ করা হয়।
গেজেটে বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিনকে সংশ্লিষ্ট শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদকে বোর্ডের নিরপেক্ষ সদস্য করা হয়েছে। বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুবকে মালিকপক্ষের প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

