কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের পাইপে জ্বলে ওঠা আগুনের উৎস ভূগর্ভের অগভীর কোনো গ্যাসের মজুত বা শ্যালো রিজার্ভার হতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পেট্রোবাংলা।
তবে সেখানে গ্যাসের প্রকৃত উৎস ও মজুতের পরিমাণ সম্পর্কে নিশ্চিত হতে আরও দুই সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে। এ সময়ের মধ্যে আগুন না নিভলে পাশেই রিলিফ কূপ খনন করে গ্যাসের নির্গমন বন্ধের উদ্যোগ নেওয়া হবে।
শনিবার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন শেষে পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. শোয়েব এসব কথা জানান।
তিনি বলেন, প্রাথমিকভাবে এটিকে কোনো পকেট মজুত মনে হওয়ার সম্ভাবনা খুবই কম। যেসব লক্ষণ দেখা যাচ্ছে, তাতে ভূগর্ভের অগভীর কোনো গ্যাসের মজুত বা শ্যালো রিজার্ভার থেকে গ্যাস বের হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। গ্যাসের উৎস ও প্রকৃত পরিমাণ নিশ্চিত হতে ১৫ দিন পর্যবেক্ষণ করা হবে। এ সময় আগুনের শিখার উচ্চতা এবং গ্যাস নির্গমনের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
তিনি আরও বলেন, এ ক্ষেত্রে ডিপিপি প্রণয়নের প্রয়োজন হবে বলে মনে হয় না। বাপেক্সের বোর্ড অনুমোদন দিলেই এক মাসের মধ্যে কূপ খননের কাজ শেষ করা সম্ভব। সাইড ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে পাশেই একটি রিলিফ কূপ খননের মাধ্যমে গ্যাসের নির্গমন বন্ধের চেষ্টা করা হবে। বিশ্বব্যাপী এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় এ প্রযুক্তি ব্যবহার করা হয়।
কাছাকাছি এলাকায় সাম্প্রতিক সময়ে কোনো কূপ খননের রেকর্ড নেই উল্লেখ করে পেট্রোবাংলার এ কর্মকর্তা বলেন, ১৯৬১ সালে ইনানী থেকে দূরে গভীর সমুদ্রে একটি কূপ খনন করা হয়েছিল। তবে তখন সেখানে গ্যাসের সন্ধান পাওয়া যায়নি।
গত ২৭ অক্টোবর মঙ্গলবার সকাল সাতটার দিকে ইনানী মেরিন ড্রাইভের ছোট সেতুসংলগ্ন এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় গভীর নলকূপ খননের সময় গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে পাশের বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে এখনো আগুন জ্বলছে।
এদিকে নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ঘটনাস্থলে প্রাকৃতিক গ্যাসের মজুত থাকার সম্ভাবনা দেখা দেওয়ায় বাপেক্সের একটি কারিগরি দল স্থানটি পরিদর্শন ও পর্যবেক্ষণ করেছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জমির মালিক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, প্রায় ১৫ দিন আগে ওই জমিতে গভীর নলকূপ খননের কাজ শুরু হয়। এক সপ্তাহ ধরে খনন করেও প্রায় এক হাজার মিটার গভীরতায় পানি পাওয়া যায়নি। পরে কাজ বন্ধ করে শ্রমিকরা চলে যান। এর প্রায় এক সপ্তাহ পর খননস্থল থেকে গ্যাস বের হতে শুরু করে।
একপর্যায়ে পাশের বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ২৭ অক্টোবর সকালে নলকূপে আগুন জ্বললেও বিকেল পাঁচটার পর থেকে এর তীব্রতা বাড়তে থাকে। শুক্রবার রাত ১১টা পর্যন্ত আগুনের তীব্রতা একই রকম ছিল।
এর আগে বালু ও পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন। তবে তাতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

