বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রযুক্তি, জ্বালানি ও অবকাঠামো খাতে যৌথ উদ্যোগের পাশাপাশি বাংলাদেশকে বৈশ্বিক উৎপাদনকেন্দ্রে পরিণত করতে জাপানি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বুধবার টোকিওতে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) ও জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের যৌথ আয়োজনে বাংলাদেশ–জাপান অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশে শিল্পকারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি সম্প্রসারণে জাপানি বিনিয়োগকারীদের স্বাগত জানায় সরকার। আড়াইহাজারে জাপানিজ ইকোনমিক জোনে কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
প্রধানমন্ত্রী জানান, জ্বালানি অবকাঠামো, দক্ষ বিদ্যুৎ উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, ইলেকট্রনিকস ও মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। এ ছাড়া দেশের ছয়টি প্রধান বিভাগীয় শহরকে যুক্ত করে উড়াল সড়ক ও উচ্চগতির রেল নেটওয়ার্ক গড়ে তুলতে জাপানের বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চান তিনি।
তারেক রহমান বলেন, নির্ভরযোগ্য জ্বালানি, উন্নত অবকাঠামো এবং শুল্ক ও করব্যবস্থায় পূর্বানুমানযোগ্যতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার।
তিনি আরও জানান, সম্প্রতি স্বাক্ষরিত অর্থনৈতিক সহযোগিতার কাঠামোর আওতায় বাংলাদেশের ৭ হাজার ৩৭৯টি পণ্য জাপানে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাবে। এ ছাড়া বাংলাদেশের শিক্ষার্থীদের জাপানি ভাষা শেখানো এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারেও উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী ও জেট্রোর প্রেসিডেন্ট কাতাওকা সুসুমু বক্তব্য দেন।

