ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত বিক্ষোভ কর্মসূচি ঘিরে নয়াদিল্লিতে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীতে মোতায়েন করা হয়েছে ২৫ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য। নজরদারিতে বসানো হয়েছে ৩০০টির বেশি ক্যামেরা এবং প্রস্তুত রাখা হয়েছে ১২টি অস্থায়ী বন্দিশিবির।
শনিবার (১০ অক্টোবর) সিজেপির মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে যন্তরমন্তর ও আশপাশের প্রায় চার কিলোমিটার এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। শুক্রবার রাত ১০টা থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা শনিবার রাত ১০টা পর্যন্ত বহাল থাকার কথা।
বিপুল জনসমাগমের আশঙ্কায় দিল্লির ৪৫টি মেট্রোস্টেশন বন্ধ এবং ২৫০টি ট্রেন বাতিল করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও যান চলাচলে বিঘ্নের আশঙ্কায় যন্তরমন্তরে বিক্ষোভের অনুমতিও প্রত্যাখ্যান করেছে পুলিশ।
রাজ্যগুলোকে সতর্ক থাকার নির্দেশ
বিক্ষোভ মোকাবিলায় ভারতের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশপ্রধানদের চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব গোবিন্দ মোহন। চিঠিতে গোয়েন্দা তথ্য বিনিময়, দিল্লি পুলিশের সঙ্গে সমন্বয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Keep Reading
Add A Comment

