আয়কর রিটার্ন দাখিলের নিয়মে বড় পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে নির্ধারিত সময়ের আগেই রিটার্ন জমা দিলে মিলবে করছাড়, আর দেরি করলে গুনতে হবে অতিরিক্ত অর্থ।
নতুন নিয়ম অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা—যেটি কম, সেই পরিমাণ করছাড় মিলবে।
অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রিটার্ন দিলে কোনো করছাড় বা জরিমানা থাকবে না। তবে জানুয়ারি থেকে মার্চে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ বা ন্যূনতম ৩ হাজার টাকা (যেটি বেশি) অতিরিক্ত দিতে হবে। এপ্রিল থেকে জুনে রিটার্ন দাখিল করলে অতিরিক্ত দিতে হবে করের ৫ শতাংশ বা ন্যূনতম ৫ হাজার টাকা (যেটি বেশি)।
বর্তমানে দেশে সোয়া এক কোটির বেশি টিআইএনধারী রয়েছেন। গত অর্থবছরে ৪৫ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন।
করদাতারা এনবিআরের ই-রিটার্ন পোর্টালে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। রিটার্ন জমার পর ব্যাংক, ডেবিট-ক্রেডিট কার্ড এবং বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মাধ্যমে কর পরিশোধের সুযোগ থাকবে। সফলভাবে রিটার্ন জমা হলে সঙ্গে সঙ্গে প্রাপ্তি স্বীকারপত্র ও আয়কর সনদও পাওয়া যাবে।
এনবিআরের আশা, নতুন এ ব্যবস্থায় সময়মতো রিটার্ন দাখিলে করদাতাদের আগ্রহ বাড়বে এবং রাজস্ব আহরণও বৃদ্ধি পাবে।

