যুক্তরাষ্ট্রের সামরিক হামলা অব্যাহত থাকায় আরও কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধই থাকবে এবং এই নৌপথ ব্যবহার করে কোনো ধরনের জ্বালানি তেল, গ্যাস বা রাসায়নিক সার রপ্তানি করতে দেওয়া হবে না। খবর আল জাজিরার।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, “এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অশুভ তৎপরতা যতদিন চলবে, ততদিন হরমুজ প্রণালি বন্ধ থাকবে। এ পথ দিয়ে এক ফোঁটা তেল, গ্যাস কিংবা এক প্যাকেট রাসায়নিক সারও রপ্তানি করা হবে না।”
একই বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের একটি নৌপথ দিয়ে চলাচলের চেষ্টা করার সময় দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটে। এতে জাহাজ দুটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। উদ্ধারকারী দল নাবিক ও কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছে বলেও জানানো হয়েছে।
জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিও নতুন সতর্কবার্তা দিয়েছে আইআরজিসি। সংস্থাটি বলেছে, কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং মার্কিন সামরিক বাহিনীর দেওয়া তথ্যে নির্ভর না করে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত নৌপথ এড়িয়ে চলতে হবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলার সক্ষমতা দুর্বল করার অভিযানের অংশ হিসেবে সর্বশেষ হামলা চালানো হয়েছে।
সেন্টকমের দাবি, অভিযানে ইরানের সামরিক কমান্ড সেন্টার, সামুদ্রিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

