মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত আরও তীব্র হয়েছে। টানা তৃতীয় রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রয়োজন হলে ইরানের পারমাণবিক স্থাপনাতেও হামলা চালানো হবে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতেই এ হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইরান দাবি করেছে, তারা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে এবং একটি মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।
এদিকে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, হরমুজ প্রণালির নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ভূমিকা নেবে এবং এ পথ দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ বিশেষ চার্জ আরোপ করা হবে। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, হরমুজ প্রণালির প্রকৃত অভিভাবক ইরান এবং ট্রাম্পের প্রস্তাবিত চার্জ অযৌক্তিক।

