রাজধানীর গোপীবাগে ২৫ বছর আগে ধারের ২০ টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে বিপ্লব বশির নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার মামলায় মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৩০ আগস্ট) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১৩-এর বিচারক জাহিদুল ইসলাম এ রায় দেন। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী সোহেল মিয়া জানান, মনির হোসেন পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০০১ সালের ৪ ডিসেম্বর বিকেলে গোপীবাগে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন নজির আহম্মদ। পথে তিনি দেখতে পান, তার ছেলে বিপ্লব বশিরকে একাধিকবার ছুরিকাঘাত করছেন মনির। পরে স্থানীয়রা মনিরকে আটক করেন। গুরুতর আহত বিপ্লবকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নজির আহম্মদ ওইদিনই ডেমরা থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০০২ সালের ৩১ মার্চ মনিরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। একই বছরের ৩ সেপ্টেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
তদন্তে জানা যায়, বিপ্লবের কাছে মনিরের পাওনা ছিল ২০ টাকা। সেই টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড ঘটে। মামলায় আদালত পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করেন। ২০০৯ সালে জামিনে মুক্তি পাওয়ার পর আদালতে হাজির না হওয়ায় ২০১৩ সালের ৩১ অক্টোবর মনিরের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

