আইনজীবী হিসেবে সফল হতে অর্থের পেছনে না ছুটে মেধা, সততা, নৈতিকতা ও পেশাগত দক্ষতা অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) অডিটোরিয়ামে বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ইউএপির ‘ল’ গ্র্যাজুয়েটদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আইনমন্ত্রী বলেন, এনরোলমেন্ট পরীক্ষা স্বচ্ছ ও কঠোর করার অন্যতম লক্ষ্য হলো মেধা ও যোগ্যতার ভিত্তিতে আইনজীবী হিসেবে প্রবেশের সুযোগ নিশ্চিত করা। নবীন আইনজীবীদের নিজেদের মেধা ও যোগ্যতার ওপর আস্থা রেখে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, পেশার শুরুতে কাজ ও পারিশ্রমিক কম থাকলেও ধৈর্য ধরে পরিশ্রম করতে হবে। অভিজ্ঞতা ও দক্ষতা বাড়ার সঙ্গে সঙ্গে কাজের পরিধি ও পারিশ্রমিকও বাড়বে। তাই দুর্নীতি বা শর্টকাটের মাধ্যমে দ্রুত অর্থবিত্ত অর্জনের চেষ্টা না করে সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।
আইনজীবীদের নিয়মিত পড়াশোনা ও আইনচর্চার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিশেষ করে ভালো ড্রাফটিংসহ পেশাগত দক্ষতা অর্জনে নিয়মিত অধ্যয়ন জরুরি। একই সঙ্গে অসহায় ও দরিদ্র মানুষের ন্যায়বিচার নিশ্চিত করাও আইনজীবীদের সামাজিক ও পেশাগত দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের কিছু মামলা বিনামূল্যে পরিচালনারও আহ্বান জানান তিনি।
আইনমন্ত্রী আরও বলেন, আইনজীবীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা জোরদারে সরকার কাজ করছে। শিক্ষা, মেধা, দক্ষতা, সততা ও নৈতিকতার মাধ্যমে এমন একটি আইনজীবী সমাজ গড়ে তুলতে হবে, যারা ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবেন।
অনুষ্ঠানে ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে. এম. মজিবুল হক, ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, স্কুল অব ল’-এর ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. এম. এ. বাকি খলিলিসহ শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পরে এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ইউএপির ‘ল’ গ্র্যাজুয়েটদের সম্মাননা দেওয়া হয়।
আইনপেশায় সফল হতে অর্থ নয়, দক্ষতা অর্জনে মনোযোগ দিন: আইনমন্ত্রী
ইউএপির ‘ল’ গ্র্যাজুয়েটদের সম্মাননা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান

