বিশ্বকাপে এখনো মাঠে নামা হয়নি নেইমারের। তবে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচের আগে সুখবর পেয়েছেন সমর্থকেরা। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন এই তারকা ফরোয়ার্ড। যদিও তিনি শুরুর একাদশে থাকবেন কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত দেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন ৩৪ বছর বয়সী নেইমার। কিন্তু কাফের চোটের কারণে মরক্কো ও হাইতির বিপক্ষে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি তিনি।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘নেইমার প্রস্তুত। সে পুরো সপ্তাহ অনুশীলন করেছে এবং ম্যাচের জন্য প্রস্তুত। সে ফিরে আসায় আমরা খুব খুশি। কারণ তার মান, অভিজ্ঞতা ও দক্ষতা দলকে অনেক সাহায্য করতে পারে।’
নেইমার কতক্ষণ খেলতে পারবেন-এমন প্রশ্নের জবাবে রসিকতাও করেন ইতালিয়ান এই কোচ। তিনি বলেন, ‘সে ৯০ মিনিট খেলতে পারে-হেঁটে হেঁটে! না, আসলে সে ভালো আছে। খুব ভালোভাবে অনুশীলন করেছে এবং নিজেকে প্রস্তুত করেছে।’
আনচেলত্তি জানান, এই সময়ে নেইমার শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তার অভিজ্ঞতা তরুণ ফুটবলারদের আত্মবিশ্বাস জোগাচ্ছে।
গ্রুপ পর্বে ব্রাজিলের শুরুটা অবশ্য মিশ্র ছিল। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১–১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩–০ গোলে হারায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। স্কটল্যান্ডকে হারাতে পারলে শেষ বত্রিশ নিশ্চিত করবে তারা।
আনচেলত্তির বিশ্বাস, ব্রাজিল ধীরে ধীরে নিজেদের সেরা ছন্দে ফিরছে। তিনি বলেন, ‘প্রথম ম্যাচ আমাদের সেরা ছিল না। দ্বিতীয় ম্যাচে উন্নতি হয়েছে। আমরা আত্মবিশ্বাসী যে তৃতীয় ম্যাচটি আরও ভালো হবে।’
তবে একাদশ সাজাতে নতুন চিন্তাও রয়েছে তার সামনে। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন রাফিনিয়া। তার পরিবর্তে কে খেলবেন, সেটিও গোপন রেখেছেন ব্রাজিল কোচ।

