রাজস্ব আদায় বৃদ্ধি এবং নাগরিকদের কর পরিশোধে উৎসাহিত করতে ওয়ার্ড পর্যায়ে অস্থায়ী কর আদায় ক্যাম্প পরিচালনার উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। আগামী ৫ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত মহানগরীর প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম চলবে।
বুধবার রাসিকের রাজস্ব বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিটি কর্পোরেশন সূত্র জানায়, নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রতিটি ওয়ার্ড কার্যালয়ে এসব অস্থায়ী ক্যাম্প বসানো হবে।
ক্যাম্পগুলোতে বকেয়াসহ হাল পৌরকর আদায় করা হবে। পাশাপাশি নতুন ট্রেড লাইসেন্স ইস্যু ও বিদ্যমান লাইসেন্স নবায়নের সুবিধা থাকবে। এছাড়া সিটি কর্পোরেশন পরিচালিত বিভিন্ন মার্কেটের দোকান ভাড়া আদায়ের কার্যক্রমও চলবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত বিধি মেনে নাগরিকরা কর পরিশোধ করতে পারবেন। এই সময়ের মধ্যে বকেয়া কর পরিশোধ করলে আরোপিত ১৫ শতাংশ সারচার্জ সম্পূর্ণ মওকুফ করা হবে।
রাসিক কর্তৃপক্ষ আশা করছে, এ উদ্যোগের ফলে একদিকে রাজস্ব আদায় বাড়বে, অন্যদিকে নাগরিকদের মধ্যে কর পরিশোধে আগ্রহও বৃদ্ধি পাবে। নির্ধারিত সময়ের মধ্যে এই সুযোগ কাজে লাগিয়ে কর পরিশোধের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সিটি কর্পোরেশন।

