নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণের লক্ষ্যে ৮ সদস্য বিশিষ্ট সেল গঠন করেছে তারেক রহমান নেতৃত্বাধীন সরকার। সেলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সেলের গঠন অনুযায়ী সভাপতি উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। ভূমি মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকবৃন্দ এই সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়াও সেলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব।
সেলের কর্মপরিধি:
১। নদী-নালা-খাল, জলাধার খননের বৎসরভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন;
২। সরকারের বিভিন্ন সংস্থার আওতায় চলমান/বাস্তবায়নযোগ্য নদী-নালা-খাল খনন প্রকল্প/প্রোগ্রামের মধ্যে সমন্বয় সাধন;
৩। নদী-নালা-খাল, জলাধার খনন কর্মসূচির পরিবীক্ষণ ও উদ্ভুত সমস্যা সমাধানে দিকনির্দেশনা প্রদান;
৪। নদী-নালা-খাল খনন কর্মসূচিকে জনসম্পৃক্ত করার লক্ষ্যে প্রচারের ব্যবস্থা গ্রহণ;
৫। খাল খনন কর্মসূচিকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলার কার্যক্রম গ্রহণ।

