আগামী শনিবার (২৮ মার্চ) চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
শনিবার (২৮ মার্চ) বেলা সোয়া ১২টায় বঙ্গভবন থেকে তেজগাঁও হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা হবেন। সেখান থেকে হেলিকপ্টারযোগে পাবনা ক্যাডেট কলেজ মাঠে নামবেন। সেখান থেকে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন এবং রাত্রিযাপন করবেন।
পরদিন রবিবার (২৯ মার্চ) সকালে আরিফপুর সদর কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
সোমবার (৩০ মার্চ) সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন। একই দিন সন্ধ্যা ৭টায় শহরের জুবলি ট্যাংক এলাকার নিজ বাসভবনে যাবেন।
মঙ্গলবার (৩১ মার্চ) পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে রওনা দেবেন।
নতুন সরকার গঠনের পর রাষ্ট্রপতির পাবনায় এটি প্রথম সফর। এই সফর উপলক্ষে ইতোমধ্যে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, পঞ্চম বারের মতো পাবনায় আসবেন রাষ্ট্রপতি।

