১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের আপিল গ্রহণযোগ্য কি না, সে বিষয়ে আগামী ৭ সেপ্টেম্বর আদেশ দেবেন আপিল বিভাগ।
সোমবার (৩১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি শেষে এ দিন ধার্য করা হয়। আবুল কালামের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পলাতক অবস্থায় আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন। প্রায় ৪ হাজার ৯১৫ দিন পর তিনি আপিলের সুযোগ পাবেন কি না, আপাতত সেই প্রশ্নেরই নিষ্পত্তি হবে। আপিলে তিনি বিলম্ব মার্জনা ও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড স্থগিতের আবেদন করেছেন।
দীর্ঘদিন পলাতক থাকার পর চলতি বছরের ২১ জানুয়ারি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন আবুল কালাম। পরে আপিলের সুযোগ দিতে রাষ্ট্রপতি তার মৃত্যুদণ্ড এক বছরের জন্য স্থগিত করেন। এরপর ট্রাইব্যুনালের নির্দেশে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে আপিলের উদ্যোগ নেন তিনি।


