Friday, July 17, 2026

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয়ে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সঙ্গে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং জর্ডানে মার্কিন সেনা উপস্থিতিসম্পন্ন আরও একটি সামরিক ঘাঁটিতে সমন্বিত হামলা চালানো হয়েছে বলেও তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে, হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের অ্যাপাচি হেলিকপ্টারটি ভূপাতিত হওয়ার ঘটনায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতকে দায়ী করে ওয়াশিংটন। এর প্রতিক্রিয়ায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দক্ষিণ ইরানের জাস্ক, সিরিক এবং কেশম দ্বীপে অবস্থিত একাধিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্টেশন লক্ষ্য করে তিন দফায় ব্যাপক বিমান হামলা চালায়।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এই হামলাকে ‘আনুপাতিক আত্মরক্ষামূলক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে জানায়, তাদের সাময়িক সামরিক অভিযান শেষ হয়েছে। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির দাবি, মার্কিন হামলায় দেশটির একটি গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সিরিক জেলার দুটি প্রধান পানির ট্যাংক সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
মার্কিন হামলার পরপরই ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং দেশটির নিয়মিত সেনাবাহিনী যৌথভাবে পাল্টা অভিযান শুরু করে। এক বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আগ্রাসন বা উসকানি অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও কঠোর ও বিধ্বংসী জবাব দেওয়া হবে।
উদ্ভূত যুদ্ধাবস্থার মধ্যে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতিতে নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এদিকে সামগ্রিক পরিস্থিতি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তেহরানের সামরিক সক্ষমতা ও ধৈর্যের পরীক্ষা নেওয়ার মাধ্যমে গুরুতর ভুল করেছে। ইরানের সশস্ত্র বাহিনী দেশের বিরুদ্ধে যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে প্রস্তুত বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে মার্কিন বাহিনীকে দ্রুত সরে যাওয়ার আহ্বান জানান তিনি।

Exit mobile version