Monday, August 31, 2026

রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের বেদখলে থাকা জমি উদ্ধার করে ৩০ দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম মিজান।
আইনজীবী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়কে হাসপাতালের বেদখল হওয়া জমি উদ্ধার করে ৩০ দিনের মধ্যে বুঝিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আদেশ বাস্তবায়নের প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।
রিট আবেদনে উল্লেখ করা হয়, গত ৩ এপ্রিল দৈনিক ইত্তেফাক-এ ‘হাসপাতালের ৩০ একর জমিই হাতছাড়া!’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনকে ভিত্তি করে পপার্স লিগ্যাল এইড ফাউন্ডেশন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়ে চিঠি দেয়।
জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের নামে মোট ৩২ একর জমি বরাদ্দ রয়েছে। এর মধ্যে প্রায় ৮ একর জমিতে হাসপাতালের সাততলা মূল ভবন, কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক কোয়ার্টার, মসজিদ ও পানির পাম্প রয়েছে। বাকি জমির বড় অংশে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও স্থাপনা নির্মিত হলেও এসবের অনুকূলে জমি বরাদ্দের কোনো নথি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নেই।
এছাড়া অবশিষ্ট খালি সরকারি জমিতে বহিরাগতরা অবৈধভাবে কাঁচা-পাকা ঘর, দোকানপাট, কাঁচাবাজার, বরফকল, রিকশা ও অটোগ্যারেজসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে বলে জানানো হয়। যদিও পুরো ৩২ একর জমির খাজনা নিয়মিত পরিশোধ করা হচ্ছে।
পরবর্তীতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে পপার্স লিগ্যাল এইড ফাউন্ডেশনের পক্ষে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হলে আদালত এ আদেশ দেন।

Exit mobile version