মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি বর্তমানে পুরোপুরি আশঙ্কামুক্ত এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
বুধবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসের বরাত দিয়ে শায়রুল কবির জানান, মির্জা আব্বাস এখন স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। তিনি নিয়মিত খাবার গ্রহণ করছেন এবং চিকিৎসকদের পরামর্শে চলাফেরাও করতে পারছেন। উন্নত ফিজিওথেরাপির জন্য গত ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ায় নেওয়া হয় এবং বর্তমানে সেখানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু ঠিক থাকলে ঈদুল আজহার আগেই সপরিবার দেশে ফিরতে পারেন তিনি। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় চিকিৎসকরা ইতিবাচক মনোভাব পোষণ করছেন।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের মাথায় অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখান থেকেই পরবর্তী ধাপের চিকিৎসার জন্য তিনি বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন।
শায়রুল কবির খান দেশবাসীর কাছে মির্জা আব্বাসের দ্রুত ও পূর্ণ আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন।

