শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়ন থেকে নারী ও শিশুসহ ৩৭ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইলিশের ঘাট সংলগ্ন বটগাছ তলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১২ জন পুরুষ, ৮ জন নারী এবং ১৭ জন শিশু রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে বেড়িবাঁধ এলাকায় একদল অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী প্রশাসনকে খবর দেয়। সংবাদ পেয়ে সন্দ্বীপ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। পরে রাত ১১টার দিকে আটক রোহিঙ্গাদের সাময়িকভাবে সন্তোষপুর ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়। সেখানে বিশিষ্ট সমাজকর্মী অধ্যাপক আমজাদ হোসেন তাদের খাবারের ব্যবস্থা করেন।

আটক রোহিঙ্গাদের সাথে কথা বলে জানা গেছে, তারা ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে দালাল চক্রের মাধ্যমে পালিয়ে এসেছিল। দালালরা তাদের বিপুল অর্থের বিনিময়ে চট্টগ্রাম উপকূলে পৌঁছে দেওয়ার কথা দিলেও গত পাঁচ দিন ধরে গভীর সাগরে অনাহারে রাখে। গত রাতে সন্দ্বীপের সন্তোষপুর উপকূলে তাদের নামিয়ে দিয়ে দালালরা পালিয়ে যায়।

রোহিঙ্গারা অভিযোগ করেন যে, দালাল হাসিম (৩০), বোটের মাঝি গাজী এবং নোয়াখালীর চেয়ারম্যানঘাট এলাকার শাহিন ও সাইফুল তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।

সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদ নুর জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ৩৭ জন রোহিঙ্গাকে উদ্ধার ও আটক করা হয়েছে। বর্তমানে তারা পুলিশি হেফাজতে রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাথে আলোচনা সাপেক্ষে তাদের পুনরায় ক্যাম্পে ফেরত পাঠানো বা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave A Reply

Exit mobile version