বিশ্ব রাজনীতির নতুন কূটনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বেইজিং। মার্কিন প্রেসিডেন্ট Donald Trump-এর চলমান চীন সফরের মধ্যেই রুশ প্রেসিডেন্ট Vladimir Putin খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন বলে নিশ্চিত করেছে ক্রেমলিন। বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র Dmitry Peskov-এর বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম RT এ তথ্য জানিয়েছে।
পেসকভ জানান, পুতিনের চীন সফরের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যদিও সফরের নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে রুশ সংবাদমাধ্যমগুলোর ধারণা, আগামী সপ্তাহেই এই গুরুত্বপূর্ণ সফর অনুষ্ঠিত হতে পারে। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে বেইজিং সফর করেছিলেন পুতিন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে বর্তমানে বেইজিং সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার সন্ধ্যায় তার বিমান বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় এক দশকের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটিই প্রথম চীন সফর।
বৃহস্পতিবার বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশের শীর্ষ নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইরান সংকট, বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ এবং তাইওয়ান ইস্যুসহ নানা স্পর্শকাতর বিষয়ে আলোচনা হয়েছে। চীনের প্রেসিডেন্ট Xi Jinping-এর সঙ্গে বৈঠককে “ইতিবাচক ও ফলপ্রসূ” বলে মন্তব্য করেছেন ট্রাম্প।
জানা গেছে, শুক্রবার শি জিনপিংয়ের সঙ্গে চা-চক্র ও মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার পর ট্রাম্প তার সফর শেষ করে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হবেন। মূলত মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে গত মার্চে নির্ধারিত সফরটি পিছিয়ে মে মাসে অনুষ্ঠিত হচ্ছে।
বিশ্লেষকদের মতে, একই সময়ে ট্রাম্প ও পুতিনের বেইজিংমুখী কূটনৈতিক তৎপরতা বিশ্ব ভূ-রাজনীতির নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

