সোমবার, জুন ১, ২০২৬
১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকার কোনো অপরাধীকেই ছাড় দেবে না।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকে রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী। এসময় তিনি নিহত শিশুর বাবা-মাকে সান্ত্বনা দেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।
এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতারা।
প্রধানমন্ত্রীর আগমনের খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ৮টার পর থেকেই বিপুলসংখ্যক মানুষ সেখানে জড়ো হন। এসময় তারা খুনিদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে উদ্ধার করা হয় তার বিচ্ছিন্ন মাথা। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
ঘটনার পর পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

Leave A Reply

Exit mobile version