সোমবার, মার্চ ২, ২০২৬
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচার শুরু করতে আজ বুধবার রাতে সিলেট যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাত সোয়া ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

বুধবার দুপুরে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এ কথা জানান। তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী প্রচার শুরু হতে যাচ্ছে।

মাহদী আমিন বলেন, রাত সোয়া ৮টায় বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। গভীর রাতে হজরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করবেন। আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি। দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর। খেলার মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন। যাত্রাপথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশে যোগ দেবেন। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে, বিকেলে কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। সেখান থেকে যাত্রাপথে বিএনপি চেয়ারম্যান নরসিংদী পৌর পার্ক সংলগ্ন নির্বাচনী সমাবেশ করবেন। পরে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে অথবা রূপগঞ্জ গাউছিয়া এলাকায় সমাবেশ শেষে গভীর রাতে গুলশানে বাসভবনে ফিরবেন তিনি।
মাহদী আরও বলেন, তারেক রহমানের সফর ঘিরে ইতিমধ্যে আমরা সংশ্লিষ্ট সব জেলা প্রশাসক তথা রিটার্নিং অফিসার, অর্থাৎ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং ঢাকায় সংশ্লিষ্ট পুলিশ বিভাগসহ অন্যান্য কর্তৃপক্ষকে চিঠি প্রদানের মাধ্যমে অবহিত করেছি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিলেট সফরে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে যাচ্ছেন আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, মামুন হাসান, আব্দুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ, রাকিবুল ইসলাম রাকিবসহ বেশ কয়েক জন ত্যাগী, সংগ্রামী তরুণ নেতা।
মাহদী আমিন আরও জানান, নির্বাচনী প্রচারণার শুরুতেই বিএনপির পক্ষ থেকে একটি নির্বাচনী থিম সং উন্মোচন করা হবে। আজ রাত ১২টা ১ মিনিটে ঢাকার লেকশোর হোটেলে থিম সং উদ্বোধন করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহসহ নির্বাচন পরিচালনা কমিটির ও বিএনপির নেতৃবৃন্দ।

Leave A Reply

Exit mobile version