আইন প্রয়োগের চেয়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিশু সুরক্ষায় সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে রংপুরে বিভাগীয় শিশু সুরক্ষা ও অ্যাডভোকেসি বিষয়ক নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ওয়ার্ল্ড ভিশন’-এর আয়োজনে এই সভা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পরিচালক মো. আবু জাফর। ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা পল্লব কান্তি রায়ের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক জিলুফা সুলতানা, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ গাউসুল আজম চৌধুরী এবং ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মোস্তফা মনসুর আলম খান।
সভায় বক্তারা বাল্যবিবাহ রোধে স্কুল পর্যায়ে ‘মিড ডে মিল’ চালু করা, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং আইনের সঠিক প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। শিশুশ্রম বন্ধে বিভিন্ন কাজে নিয়োজিত শিশুদের স্কুলে ফেরাতে আর্থিক ও শিক্ষা উপকরণ সহযোগিতা প্রদানের পাশাপাশি ব্যবসায়ী ও অভিভাবকদের মাঝে সচেতনতা তৈরির তাগিদ দেওয়া হয়। এছাড়া শিশুদের খাদ্য-পুষ্টির চাহিদা পূরণ ও ঝরে পড়া রোধে নানাবিধ সুপারিশ তুলে ধরা হয়।
ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তারা সভায় জানান, সংস্থাটি শিশু সুরক্ষায় ‘ছয়টি শূন্য’ লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। এগুলো হলো- শূন্য বাল্যবিবাহ, শূন্য শিশুশ্রম, শূন্য ঝরে পড়া, শূন্য ক্ষুধা, শূন্য পুষ্টিহীনতা ও শূন্য কার্বন নিঃসরণ। এই লক্ষ্যগুলো অর্জনে সরকারি-বেসরকারি সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বিভাগীয় পর্যায়ের এই সভায় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ১৮টি এনজিও প্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক-শিক্ষার্থী, শিশু ও যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা অংশ নেন। উপস্থিত সকলে রংপুরে একটি শিশু-বান্ধব পরিবেশ তৈরির অঙ্গীকার ব্যক্ত করেন।


