যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলে চলমান যুদ্ধবিরতি ভঙ্গ করলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করা একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন তারা ভূপাতিত করেছে। এছাড়া একটি এফ-৩৫ যুদ্ধবিমান ও আরেকটি ড্রোন লক্ষ্য করে গুলিবর্ষণ করা হলে সেগুলো এলাকা ত্যাগ করতে বাধ্য হয়। তবে ঘটনাগুলো ঠিক কবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।
এর আগে সোমবার রাতে হরমুজ প্রণালির আশপাশে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও নৌযান লক্ষ্য করে ‘আত্মরক্ষামূলক হামলা’ চালানোর দাবি করে মার্কিন সামরিক বাহিনী।
এর পরদিন আইআরজিসি এক বিবৃতিতে জানায়, যুদ্ধবিরতি লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার জবাবে তারা পাল্টা আঘাত হানবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে ‘আগ্রাসী আচরণ’ উল্লেখ করে ইরান বলেছে, এ ধরনের কর্মকাণ্ডের জবাব দেওয়া তাদের বৈধ ও ন্যায্য অধিকার।
এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম CNN–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, অতীতেও যুদ্ধবিরতির সময় মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে সাম্প্রতিক হামলা ও পাল্টাপাল্টি হুঁশিয়ারির পর চলমান যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে, তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

