সোমবার, মার্চ ২, ২০২৬
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজারে অভিযানে বাধা প্রদান ও মার্কেট বন্ধ করার হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।বাধা প্রদানকারি ব্যবসায়ীদের লাইসেন্স বাতিল ও আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব সামনে ক্যাবের মানববন্ধন থেকে এমন দাবি জানানো হয়। আলোচিত ম্যাজিস্ট্রেট জব্বার মন্ডল অভিযানে গেলে বাধা প্রদানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। ব্যবসায়ী নেতা বারবার দোকান বন্ধের হুমকি দিতে থাকেন।
বক্তারা বলেন, চকবাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভূট্টো সরকারি কার্যক্রমে অনৈতিকভাবে বাধা প্রদান করেন। তার ব্যাপারে এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় জনগণ ক্ষুব্ধ।

ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভুঁইয়া বলেন, দেশের সকল ভোক্তার অধিকার রক্ষায় জব্বার মন্ডল দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। তার কাজে বাঁধা প্রদান করায় ক্যাবের পক্ষ থেকে সারাদেশে জেলা শহরে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। মানববন্ধন শেষে বাণিজ্য,শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী বরবার স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, নব নির্বাচিত সরকারের নিকট ব্যবসায়ী মাফিয়াদের দৌরাত্ম্য ও মব সন্ত্রাস বন্ধ করতে হবে। বাজার সিন্ডিকেট ভেঙে দিতে হবে।

ক্যাবের ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল (অব.) সামছ্ এ খান বলেন, দেশের ১৮ কোটি জনগণ সকলেই ভোক্তা, ব্যবসায়ীরাও ভোক্তারই একটি অংশ। নতুন সরকারের কাছে তিনি বাজার নিয়ন্ত্রণের দাবি জানাচ্ছি।

বাংলাদেশ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, একজন সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে যেভাবে মব সৃষ্টি করে অগ্রাহ্য করা হয়েছে তাতে সাধারণ ভোক্তাদের কি পরিস্থিতি হবে তা বিবেচ্য বিষয়। নতুন সরকারের প্রতি বাজার নিয়ন্ত্রণ করার আহ্বান জানাচ্ছি।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে বাধা প্রদান ও মার্কেট বন্ধের হুমকির সঙ্গে জড়িত দোষীদের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী দ্রুত, কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ, বাজারে তদারকি অভিযান নির্বিঘ্নভাবে পরিচালনার লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহায়তা নিশ্চিত করা, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর পূর্ণাঙ্গ ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করে বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অস্বচ্ছ লেনদেন ও কৃত্রিম সংকটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, ব্যবসায়ীদের পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে বৈধ ক্যাশ মেমো সংরক্ষণ ও প্রদর্শন বাধ্যতামূলক করে এর ব্যত্যয়ে কঠোর শাস্তি নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে ব্যবসায়ী সংগঠনগুলোর জবাবদিহিতা নিশ্চিতসহ ঢাকাসহ সারা দেশে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম জোরদার করার দাবি জানানো হয়।

Leave A Reply

Exit mobile version