রবিবার, মার্চ ১, ২০২৬
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মুম্বই জঙ্গি হামলার মূলচক্রী তাহাউর রানার নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া শুরু করেছে কানাডা প্রশাসন। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে এমনটাই জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউজ। আগামী কাল, বৃহস্পতিবার প্রথমবার ভারত সফরে আসছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তার আগেই কি রানার নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা ঘোষণা করবে ওটোয়া? নজর রাখছে আন্তর্জাতিক মহল।
রানা বর্তমানে ভারতের জেলে বন্দি। গত এপ্রিল মাসে তাঁকে ভারতের হাত তুলে দেয় আমেরিকা। নয়াদিল্লিতে বিমান পৌঁছাতেই রানাকে গ্রেপ্তার করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। গ্লোবাল নিউজের প্রতিবেদন অনুযায়ী, পাক বংশোদ্ভূত রানার নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া শুরু করেছে কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব সংক্রান্ত দপ্তর (আইআরসিসি)। তবে জঙ্গি যোগের কারণে নয়। ভুল তথ্য দেওয়ার অভিযোগেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
২০০০ সালে কানাডার নাগরিকত্বের জন্য আবেদন জানিয়েছিলেন রানা। সেই সময়ে রানা দাবি করেছিলেন, শেষ চার বছর টরন্টো ও ওটোয়ায় ছিলেন তিনি। তদন্তে নেমে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানতে পারে, ওই সময়ে মূলত শিকাগোয় ছিলেন রানা। সেখানে তাঁর একাধিক জমি ও ব্যবসা ছিল। আইআরসিসি’র অভিযোগ, ইচ্ছাকৃতভাবে তাদের ঠকিয়ে নাগরিকত্ব আদায় করেছেন রানা। ২০২৪ সালের ৩১ মে চিঠি দিয়ে বিষয়টি রানাকে জানায় আইআরসিসি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়াটি বর্তমানে কানাডার ফেডেরাল আদালতে বিচারাধীন। ইতিমধ্যে প্রশাসনের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করেছেন রানার আইনজীবী।

Leave A Reply

Exit mobile version