মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামের সীতাকুণ্ডে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া এক শিশুকে শেষ পর্যন্ত বাঁচানো গেল না। গত ১ মার্চ ইকোপার্ক এলাকায় বনের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে দুইবার অপারেশন করার পরও শিশু ইরাকে বাঁচানো সম্ভব হয়নি।

কুমিরা ইউনিয়নের মাস্টারপাড়ার বাসিন্দা ইরার বাবা মনিরুল ইসলাম বলেন, “বাড়িতে খেলতে গিয়ে আমার মেয়ে হারিয়ে যায়। তাকে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজির একপর্যায়ে ইকোপার্কে গলাকাটা অবস্থায় একটি শিশুকে পাওয়ার খবর পাই।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। মেয়েকে বাঁচাতে সেখানে দুইবার অপারেশন করা হয়। অপারেশন সফল হলেও জ্ঞান না ফেরায় রাতে সে মৃত্যুবরণ করে।”
ইকোপার্ক সূত্রে জানা যায়, ইকোপার্ক-চন্দ্রনাথ ধামে চলাচলের রাস্তার কাজ করার সময় বনের ভেতর রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। তার শ্বাসনালী থেকে রক্তক্ষরণ হচ্ছিল দেখে দ্রুত একটি মালবাহী গাড়িতে করে হাসপাতালে পাঠানো হয়।

এ সময় শিশুটির সঙ্গে অন্য কাউকে দেখা যায়নি বলে জানান ইকোপার্ক রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, “শিশু অপহরণ ও হত্যা মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাতনামা আসামিদের শনাক্তে কার্যক্রম চলছে। খুব দ্রুত আসামিদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।”

Leave A Reply

Exit mobile version