বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে গুলির ঘটনায় আহত যুবকের মৃত্যু হয়েছে।

নিহতের নাম রাকিব আহমেদ (২৫)। তিনি ভোলা সদরের চৌমুহনী এলাকার তরিকুল ইসলাম খোকনের ছেলে। নিহত রাকিব বোরহান উদ্দিন কলেজে ডিগ্রী ২য় বর্ষের ছাত্র।
রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক।

তিনি জানান, শহিদ মিনারে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত যুবকের মৃত্যু হয়েছে। রাত সাড়ে দশটার দিকে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন রাকিবের মৃত্যু হয়েছে।
এর আগে, রাত সাড়ে ৯টার দিকে এ গুলির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন রমনা বিভাগের রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম।

তিনি বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে এক ব্যক্তিকে লক্ষ করে ৪ রাউন্ড গুলি করা হয়েছে। এতে ওই ব্যক্তি আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে এখনো দুজনের পরিচয় পাওয়া যায়নি ।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, টার্গেটকৃত ব্যক্তিকে গুলির পাশাপাশি কোপানো হয়েছে। তাকে গুরুতর অবস্থায় তাকে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

Leave A Reply

Exit mobile version