Friday, July 17, 2026

রাজনৈতিক উত্তাপের মধ্যেই মাগুরার জামরুলতলায় অস্থায়ী কার্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

বৃহস্পতিবার বিকাল চারটার দিকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হীরক দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই কার্যালয় উদ্বোধন করেন। এ সময় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সোনিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিক্ষুব্ধ একটি পক্ষ কার্যালয়ের সামনে থাকা দলীয় পতাকা পুড়িয়ে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হীরক, উসমান এবং সোনিয়াকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।
দলীয় নেতারা জানান, নির্বাচন-পরবর্তী স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হিসেবেই এই কার্যালয় চালু করা হয়েছে। তবে দীর্ঘ সময় বন্ধ থাকা কার্যালয় পুনরায় চালু করায় মাগুরায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলাজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে।

Exit mobile version