প্রতিরক্ষা খাতে নিজেদের সামরিক সক্ষমতা কয়েক গুণ বাড়াতে এক বিশাল চুক্তির পথে হাঁটছে ভারত। ফ্রান্সের কাছ থেকে ১১৪টি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।
এই মেগা প্রকল্পের জন্য প্রাথমিক বাজেট নির্ধারণ করা হয়েছে প্রায় ৩ দশমিক ২৫ লক্ষ কোটি রুপি। এই চুক্তিটিকে বর্তমান সময়ের অন্যতম বৃহত্তম সামরিক বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে।
মূলত ভারতের আকাশসীমার নিরাপত্তা আরও সুসংহত করা এবং বিমানবাহিনীর আধুনিকায়নের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতের বিমান বাহিনীতে বর্তমানে ৩৬টি রাফাল যুদ্ধবিমান রয়েছে এবং গত বছর নৌবাহিনী আরও ২৬টি বিমানের অর্ডার দিয়েছিল। এই নতুন চুক্তিটি অনুমোদিত হলে ভারতীয় সামরিক বাহিনীতে মোট রাফাল যুদ্ধবিমানের সংখ্যা দাঁড়াবে ১৭৬টি।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১১৪টি রাফালের মধ্যে ১৮টি সরাসরি ফ্রান্স থেকে তৈরি অবস্থায় বা ‘ফ্লাইং কন্ডিশনে’ পাবে ভারত। বাকি ৯৬টি বিমান ভারতের মাটিতেই দেশীয় প্রযুক্তির সমন্বয়ে যৌথভাবে তৈরি করা হবে। এতে ভারতের নিজস্ব প্রতিরক্ষা শিল্পে নতুন গতি সঞ্চার হবে এবং এসব বিমানে প্রায় ৬০ শতাংশ পর্যন্ত দেশীয় যন্ত্রাংশ ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
এই বিশাল বহরের মধ্যে ৮৮টি যুদ্ধবিমান হবে একক পাইলটবিশিষ্ট এবং বাকি ২৬টিতে দুই জন পাইলটের বসার ব্যবস্থা থাকবে। এ সংক্রান্ত বিষয়ে আগামী সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমরাস্ত্র ক্রয় বিষয়ক সর্বোচ্চ সংস্থা ‘ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল’ বা ডিএসি-র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই বৈঠকে সভাপতিত্ব করবেন।
আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফরাসি প্রেসিডেন্টের এই সফরের আগেই যাবতীয় দাপ্তরিক কার্যক্রম শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছে ভারত।
দক্ষিণ এশিয়ার বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে এই যুদ্ধবিমানগুলোর অন্তর্ভুক্তি ভারতের আকাশসীমার নিরাপত্তাকে এক অভেদ্য স্তরে নিয়ে যাবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।

