পাকিস্তানে বিদ্যমান ‘নিরাপত্তা পরিস্থিতির’ প্রেক্ষাপটে সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করার ঘোষণা দিয়েছে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস।
ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় ইসলামাবাদ দূতাবাসসহ লাহোর ও করাচি কনস্যুলেটের সব ভিসা অ্যাপয়েন্টমেন্টও বাতিল করা হয়েছে। এই আদেশ আগামী ৬ মার্চ (শুক্রবার) পর্যন্ত কার্যকর থাকবে।
এদিকে, করাচি কনস্যুলেটে হামলা চেষ্টার সময় মার্কিন মেরিন সেনারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
গত রোববার করাচি কনস্যুলেটে বিক্ষোভকারীরা সীমানা প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে অন্তত ১০ জন নিহত হন। রয়টার্সের এক প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, ওইদিন বিক্ষোভ দমনে মার্কিন মেরিন সেনারা সরাসরি গুলি চালিয়েছে।
তবে মেরিন সেনাদের ছোড়া গুলিতেই কেউ হতাহত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া কনস্যুলেট রক্ষায় নিয়োজিত বেসরকারি নিরাপত্তা রক্ষী বা স্থানীয় পুলিশ সে সময় গুলি চালিয়েছিল কি না, সে বিষয়েও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
তথ্যসূত্র: আল জাজিরা।

