Friday, July 17, 2026

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়েছে, যার বড় প্রভাব পড়েছে পাকিস্তানে। দেশটিতে গতকাল রাতে ঘোষণা দিয়ে জ্বালানি তেলের দাম প্রায় দ্বিগুণ করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের ওপর চাপ বাড়ার শঙ্কা দেখা দিয়েছে।

এমন পরিস্থিতিতে রাজধানী ইসলামাবাদে আগামী ৩০ দিনের জন্য সব গণপরিবহনের ভাড়া ফ্রি করে দিয়েছে পাকিস্তান সরকার। আজ শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি এক্সে (টুইটার) জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশনায় কাল শনিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় বহন করবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক নতুন দাম ঘোষণা করেন। এতে দেখা গেছে, পেট্রোলের দাম প্রায় ৪৩ শতাংশ এবং ডিজেলের দাম প্রায় ৫৫ শতাংশ বেড়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার পেট্রোল ৪৫৮ দশমিক ৪০ রুপি এবং ডিজেল ৫২০ দশমিক ৩৫ রুপি নির্ধারণ করা হয়েছে, যা শুক্রবার থেকেই কার্যকর হয়েছে।
পাক জ্বালানিমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে বলেন, আন্তর্জাতিক বাজার অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, ইরানে যুদ্ধ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা না থাকায় সরকার দাম বাড়াতে বাধ্য হয়েছে। তবে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Exit mobile version